কুমিল্লায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন, সহযোগীর কারাদণ্ড

নেকবর হোসেন।।
কুমিল্লায় লবণের ট্রাকে সাড়ে ২১ হাজার ইয়াবা বহনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন এবং তার সহযোগীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Post Inside

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার প্রধান আসামি ট্রাকচালক মো. সাদ্দাম হোসেন হাজারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার সহযোগী মো. আয়নাল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আয়নাল ইসলাম আদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামি সাদ্দাম হোসেন হাজারী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী নিশ্চিত করেছেন।

২০২১ সালের ৩১ মার্চ ভোরে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লবণ বোঝাই একটি ট্রাককে থামানোর সংকেত দিলে চালক সাদ্দাম হোসেন ও তার সহযোগী আয়নাল ইসলাম পালানোর চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা তাদের আটক করে তল্লাশি চালায়।

তল্লাশিতে চালকের পকেট ও আসনের নিচ থেকে ২০ হাজার ইয়াবা এবং সহযোগী আয়নালের পকেট থেকে আরও ১,৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করে।

আরো পড়ুন
error: Content is protected !!