কুমিল্লায় অবৈধ মাটিকাটা ইটভাটার বিরুদ্ধে অভিযান, ২৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার।।
পরিবেশ সুরক্ষা ও কৃষিজমি রক্ষায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুত এবং কৃষিজমির উর্বর টপসয়েল কেটে ইট তৈরির অপরাধে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পাঁচটি ইটভাটাকে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Post Inside

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রত্যেকটি ব্রিকফিল্ডকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব ইটভাটায় অবৈধভাবে কৃষিজমির মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করা হচ্ছিল, যা পরিবেশ ও ফসল উৎপাদনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ এবং পরিদর্শক মো. জুবায়ের হোসেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌদ্দগ্রাম থানার একটি সুদক্ষ পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা ও কৃষিজমির টপসয়েল কাটা পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসব অনিয়মের ফলে একদিকে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকার অবৈধ ইটভাটা ও মাটিকাটা বন্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে প্রশাসনের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ ইটভাটার কারণে এলাকার কৃষিজমি ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়ছিল। নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকলে পরিবেশের ক্ষতি অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!