স্টাফ রিপোর্টার।।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসের চাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথা এলাকায়, ঢাকা অভিমুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাস থেকে অজ্ঞাত ওই নারী তার পাঁচ বছর বয়সী শিশুকে কোলে নিয়ে নামেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ নামের আরেকটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।