স্টাফ রিপোর্টার।।
নির্বাচনী পরিবেশ শান্ত ও উৎসবমুখর রাখার প্রত্যাশার মধ্যেই কুমিল্লার দেবিদ্বারে হুমকিমূলক বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার এলাকায় ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় “যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কাউকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। ঘর-বাড়ি সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবো।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই মন্তব্য করেন, এ ধরনের বক্তব্য নির্বাচনী আচরণবিধির পরিপন্থী এবং ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপস্থিত ব্যক্তি জানান, বক্তব্যটি তাদের কাছে ‘ভীতিকর’ মনে হয়েছে।
ঘটনার পরদিনই দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।