কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের ধান ক্ষেতের মাঝে খনন করা একটি অগভীর ডোবার পানিতে ডুবে অলি ও আলী নামে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসী বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

Post Inside

পানিতে ডুবে মারা যাওয়া শিশু অলি (৪) ও তার যমজ ভাই আলী (৪) পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার তারা মিয়ার ছেলে এবং ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার দুধ ব্যবসায়ী বাবুল মিয়ার মেয়ের ঘরের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, রোববার দুপুরের দিকে অলি ও আলী বাড়ির আঙিনায় খেলছিল। কিছু সময় পর তাদেরকে আঙিনায় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির কাছাকাছি ধানক্ষেতের মাঝখানে খনন করা একটি ডোবার পানিতে তাদের ভাসতে দেখতে পান তারা।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহর কাছে তাদের ধৈর্য কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, অসাবধানতাবশত পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে অবগত করেনি। তবে বিষয়টি জানানো হলে পুলিশ তা খতিয়ে দেখবে।

আরো পড়ুন
error: Content is protected !!