
আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে পরিত্যক্ত অটোরিকশা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার ( ১২ এপ্রিল ) দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে হরিমঙ্গল থেকে বাগরাগামী সড়কের ওপর একটি নীল রঙের ব্যাটারী চালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে তল্লাশে চালিয়ে অটোরিকশা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশার চালক পালিয়ে যায় বলে জানায় পুলিশ। এ সময় অটোরিকশাটি জব্দ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অটোরিকশা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।