
আতাউর রহমান।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৫নং দুলালপুর ইউনিয়নে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ময়নাল হোসেন। তিনি শাসক নয়, বরং সাধারণ মানুষের একজন সেবক হিসেবে কাজ করতে চান। এমন ঘোষণা দিয়ে ইতোমধ্যেই স্থানীয়দের দৃষ্টিও কেড়ছেন তিনি।
ময়নাল হোসেন আফাজ গ্রুপের চেয়ারম্যান এবং উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকার কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবার সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কাজের প্রতিশ্রুতির কারণে ময়নাল হোসেনকে ঘিরে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।
দুলালপুর ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল আলিম বলেন, “ময়নাল হোসেন একজন সফল ব্যবসায়ী হলেও সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষকে সাহায্য করা তার অভ্যাস। আমরা চাই, তিনি চেয়ারম্যান হলে আমাদের ইউনিয়নের উন্নয়ন আরও দ্রুত হবে।”
একই ইউনিয়নের গৃহিণী রহিমা বেগম বলেন, “তিনি এলাকার স্কুল-মাদ্রাসা ও মসজিদে নিয়মিত সহযোগিতা করেন। বিপদে-আপদে তাকে পাশে পাওয়া যায়। তাই আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।”
স্থানীয় তরুণ সমাজকর্মী সাইফুল ইসলাম জানান, “আমাদের ইউনিয়নে কর্মসংস্থানের বড় অভাব। ময়নাল ভাই যদি নির্বাচিত হন, তাহলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে—এমনটাই আমরা আশা করছি।”
এ বিষয়ে ময়নাল হোসেন বলেন, “আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। আমি চাই, দুলালপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করতে। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলব।”
দুলালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে তাকে ঘিরে আলোচনা ও জনসমর্থনের আভাস পাওয়া যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা—সততা, অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার সমন্বয়ে নতুন নেতৃত্বে দুলালপুর ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।