
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় পারিবারিক বিরোধের জেরে প্রায় ৪০–৫০ জনের একটি পরিবারের বসতবাড়িতে প্রবেশের একমাত্র চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর প্রতিপক্ষের বিরুদ্ধে বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও পাওয়া গেছে।
এজাহার সূত্রে জানা যায়, কোরপাই মফিজ ডিলার বাড়ির শাহ পরান পরিবারের সঙ্গে একই এলাকার আয়ূব আলীর ছেলে জসিম উদ্দিনের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। এর জের ধরে গত ১৭ এপ্রিল জসিম উদ্দিন গং কাঠ, বাঁশ ও কাঁটা দিয়ে প্রায় ৪০–৫০ জনের চলাচলের একমাত্র রাস্তা ঘিরে ফেলেন। এতে পরিবারটির সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।

অভিযোগে আরও বলা হয়, রাস্তা বন্ধ করার পাশাপাশি প্রতিপক্ষ কয়েকটি মূল্যবান কাঠের গাছ কেটে ফেলে, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকার বেশি। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি বাধ্য হয়ে ধানক্ষেতসহ ঝুঁকিপূর্ণ বিকল্প পথ ব্যবহার করে চলাচল করছে, ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শাহ পরান জানান, এ ঘটনায় তিনি বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ করার পর থেকেই জসিম উদ্দিন ও তার লোকজন মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং হত্যার হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করছে। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি আরও বলেন, এর আগেও কয়েকবার একইভাবে রাস্তা বন্ধ করা হয়েছিল। তখন স্থানীয় জনপ্রতিনিধিরা হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করেছিলেন। কিন্তু এবার আবারও একই স্থানে বেড়া দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।
অভিযুক্ত জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “শাহ পরান আমার আপন ছোট ভাই। পারিবারিক বিরোধের কারণে আলাদা থাকি। গত ১৬ এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে গেলে সে আমাকে মারধর করে। এর বিচার চেয়ে আমি রাস্তায় বেড়া দিয়েছি।”
এ বিষয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, “অভিযোগ পেয়েছি। পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তায় বেড়া দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”