
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগে প্রায় ৪ শতাধিক অসহায়, গরিব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিকারপুর গ্রামের শিক্ষানুরাগী মরহুম জুনাব আলী সাহেব বাড়ির গোলাম সারওয়ার হাফেজিয়া এতিমখানা প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অনেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে ঔষধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন অসহায় রোগীরা। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় সহযোগিতা করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান, ঔষধ প্রশাসনের সাবেক মহাপরিচালক। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেয়।
এসময় আরও উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের পরিচালক ডা. কামরুন নাহার হারুন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান, মীম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খায়রুননাহার মুক্ত এবং জিয়া উদ্দিন সুমন। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা ফাইন টাওয়ারের ভাইস চেয়ারম্যান মো. গোলাম সারওয়ার, সহযোগী তত্ত্বাবধানে ছিলেন আনাস মো. আরিফ।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা. ফয়সাল ওয়াহিদ, ডা. মো. আপন ইসলাম এবং ডা. ফাতেমা কাসপি তাহাসহ একদল অভিজ্ঞ চিকিৎসক। এছাড়া মীম হাসপাতালের ম্যানেজার মো. মহি উদ্দিন ভূঁইয়া চৌধুরী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।