
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় কোল্ড স্টোরেজের চৌবাচ্চার পানিতে ডুবে শরীফুল ইসলাম (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর (শরীফপুর) এলাকায় অবস্থিত আল হেলাল কোল্ড স্টোরেজ থেকে তার মরদেহ উদ্ধার করে দেবপুর ফাঁড়ির পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেড়াখোলা গ্রামের বাসিন্দা। তিনি আল হেলাল কোল্ড স্টোরেজে শ্রমিক হিসেবে কাজ করতেন। অসুস্থতার কারণে কিছুদিন ধরে তিনি হালকা কাজ করছিলেন।

কোল্ড স্টোরেজের লেবার কর্মচারী মো. আব্দুল মতিন প্রামাণিক জানান, গত ২৩ মে দুপুর আনুমানিক আড়াইটার দিকে শরীফুল ইসলাম কোল্ড স্টোরেজের কনডেন্সার ইউনিটের নিচে থাকা পানির হাউজে গোসল করতে যান। পরে দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে তাকে পানির মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আল হেলাল কোল্ড স্টোরেজের সিসিটিভি ফুটেজে দেখা গেছে শরীফুল ইসলাম একাই গোসল করতে গিয়েছিলেন। তার মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ পাওয়া যায়নি। এ ঘটনায় কোল্ড স্টোরেজের লেবার কর্মচারী মো. আব্দুল মতিন প্রামাণিক থানায় একটি আবেদন করেছেন।