
আতাউর রহমান।।
দীর্ঘদিন বন্ধ থাকার পর বিদ্যালয় খোলার প্রথম দিনেই শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষে বসে পাঠ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের পরিছন্নতা অভিযান, মিড-ডে মিল কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কার্যক্রমে অংশগ্রহণ করেন।

জানা গেছে, বিদ্যালয় খোলার দিন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি শিশুদের সঙ্গে বসে কিছু সময় ক্লাসেও অংশ নেন এবং তাদের পড়াশোনা, উপস্থিতি ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ ও বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নেয়। বিদ্যালয়ে পরিচালিত মিড-ডে মিল কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ইউএনও।
ইউএনও মাহমুদা জাহান বলেন, শিশুদের শুধু পাঠ্য বইয়ের শিক্ষায় সীমাবদ্ধ থাকলে হবে না। তাদের মধ্যে ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করার অভ্যাস, পরিছন্নতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। এতে তারা আত্মবিশ্বাসী, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে বেড়ে উঠবে।
তিনি আরও বলেন, বিদ্যালয় হচ্ছে শিশুদের দ্বিতীয় পরিবার। তাই শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ, পরিবেশ সচেতনতা এবং স্বনির্ভর চর্চা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচালিত এ ধরনের কার্যক্রম তাদের বাস্তব জীবনের শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয় খোলার প্রথম দিনেই শিক্ষার্থীদের নিয়ে পরিছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করায় শিশুদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে। ইউএনওর এমন ব্যতিক্রমী অংশগ্রহণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ সৃষ্টি করেছে।