শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে ব্রাহ্মণপাড়ার ইউএনও মাহমুদা জাহান

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিখনঘাটতি কমানো এবং মিড ডে মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরতে তিনি এ উদ্যোগ নেন।

বৃহস্পতিবার ( ১৮ জুন ) দুপুরে উপজেলার দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচি তদারকি করেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং তাদের খোঁজখবর নেন।

Post Inside

এছাড়াও প্রতিনিয়ত কোনো না কোনো স্কুল আকস্মিক পরিদর্শন করেন ইউএনও। সম্প্রতি মিড ডে মিল কর্মসূচি তদারকির জন্য মহালক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ইউএনও মিড ডে মিল কার্যক্রমের বাস্তবায়ন, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফলও বিতরণ করেন।

নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাইমুনা রহমান বলে, ইউএনও স্যার আমাদের সঙ্গে বসে খাবার খেয়েছেন। আমরা খুশি হয়েছি। ইউএনও স্যার আমাদের পড়াশোনার খোঁজখবর নিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারিভাবে মিড ডে মিল চালু না থাকলেও শিক্ষার্থীদের শিখনঘাটতি দূরীকরণ ও সুস্থ-সবল রাখতে বিদ্যালয়ে মধ্যাহ্নভোজের ব্যবস্থা অত্যন্ত জরুরি। অনেক শিক্ষার্থী দুপুরে বাড়িতে খেতে গিয়ে আর ফিরে আসে না। যারা ফিরে আসে, তাদের অনেকে ক্লান্ত হয়ে পড়ায় পরবর্তী ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারে না।

তিনি আরও বলেন, দুপুরে একা বাড়ি যাওয়া-আসার ক্ষেত্রেও নানা ধরনের ঝুঁকি থাকে। তাই প্রতিটি মা সমাবেশ, অভিভাবক সমাবেশ ও শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে মধ্যাহ্নভোজের বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। এ কর্মসূচির শতভাগ বাস্তবায়নে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন
error: Content is protected !!