শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ, উন্নয়নের কোনো কাজ বাকি থাকবে না: এমপি জসিম উদ্দিন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়-এর শিক্ষা ও সংস্কৃতির ধারাবাহিক মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে উন্নয়ন ও শিক্ষার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।

শনিবার (৪ জুলাই) বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। আমি কথা দিয়ে যাচ্ছি, এই জনপদের কোনো উন্নয়নমূলক কাজ বাকি থাকবে না।

Post Inside

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে ঈমানী দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব বিনয়ের সঙ্গে পালন করে যাচ্ছি। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে স্বপ্নের চারলেন সড়কের কাজ শুরু হবে। এছাড়া চানপুর সেতুকে একটি দৃষ্টিনন্দন সেতু হিসেবে নির্মাণ করা হবে।
বক্তব্যে তিনি অতীতের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে মানুষের পাশে থাকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার রাস্তা-ঘাট একসময় বেহাল অবস্থায় ছিল। ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি এবং খাদ্য সহায়তার ব্যবস্থা করেছি। করোনা মহামারির সময় যখন পুরো পৃথিবী স্থবির হয়ে পড়েছিল, তখন আমি ‘বিবেক’ নামে একটি টিম গঠন করে লাশ দাফন ও কাফনের ব্যবস্থা করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টিপু এবং সালেহ আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ কবির খান।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবুল কাশেম, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠিতে বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন
error: Content is protected !!