বিএনপির ব্যানারে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ নেতার প্রচারণা, এলাকাজুড়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার।
কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর ভারেল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ব্যানারে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আব্দুল আলিমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর দাবি, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার পরও আব্দুল আলিম বর্তমানে বিএনপির পরিচয় ব্যবহার করে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ তাদের।

Post Inside

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলিম দীর্ঘ প্রায় ১৭ বছর আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর ভারেল্লা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আব্দুর রহমান (রব) তারই আপন চাচা। বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এবং দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার পর হঠাৎ বিএনপির পরিচয়ে নির্বাচনী প্রচারণা চালানো প্রশ্নের জন্ম দিয়েছে।

এ বিষয়ে কথা হয় স্থানীয় বিএনপির একাধিক ত্যাগী নেতাকর্মীর সঙ্গে। তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা ও বিভিন্ন ধরনের রাজনৈতিক হয়রানির ঘটনায় আব্দুল আলিম সক্রিয় ভূমিকা পালন করেছেন। এমনকি প্রকাশ্যে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আরও বলেন, যারা গত ১৭ বছর আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, হামলা করেছে, জেল-জুলুম চালিয়েছে, আমাদের ঘরে থাকতে দেয়নি তারাই যদি আজ বিএনপির পরিচয়ে নির্বাচন করতে আসে, তাহলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন কোথায়? এভাবে চলতে থাকলে ভবিষ্যতে প্রকৃত বিএনপি কর্মীদের খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা অভিযোগ করে বলেন, আব্দুল আলিম ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছেন। এমনকি আওয়ামী লীগের স্থানীয় সভাপতিকেও বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে দেখা যাচ্ছে। এতে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ। আওয়ামিলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে রবকে প্রধান করে মিটিং করেন আব্দুল আলিম।

তিনি আরও বলেন, বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে আব্দুল আলিম ও তাঁর সাথে জড়িত সকল আওয়ামিলীগ নেতাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। তাহলে দলের ভাবমূর্তি রক্ষা পাবে বলে আমরা মনে করি।

আরো পড়ুন
error: Content is protected !!