
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের চাপায় আবদুস ছাত্তার (৫০) নামে এক নাইটগার্ড নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর রাস্তার মাথা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস ছাত্তার চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব ধনমুড়ি গ্রামের আবদুস ছালামের ছেলে। তিনি নানকরা জিল ওয়্যার্স ফ্যাক্টরিতে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় সাইকেলযোগে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবদুস ছাত্তার। পথে চণ্ডীপুর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হাশেম জানান, বাসের ধাক্কায় সম্ভবত ঘটনাস্থলেই আবদুস ছাত্তারের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।