
ফেনী; ১৭ জুলাই
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া গ্রামে দীর্ঘ ৫০ বছর সুনামের সঙ্গে ইমামতির পর এক মসজিদের ইমামকে রাজকীয় বিদায় জানিয়েছেন মসজিদ কমিটি ও এলাকাবাসী।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে এক আবেগঘন পরিবেশে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিদায়লগ্নে উপস্থিত শত শত মুসল্লির চোখের জলে সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়।

জানা গেছে, ব্যতিক্রমী এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করে পাঠাননগর ইউনিয়নের শিলুয়া চৌধুরী বাড়ির ঐতিহ্যবাহী ‘রৌশন আরা বেগম চৌধুরীরানী জামে মসজিদ’ কমিটি। বিদায়ী পেশ ইমাম ও খতিব মাওলানা শামসুল হক মিয়াজি (৯৫) ওই গ্রামেরই মরহুম এবাদত উল্যাহ মিয়াজির ছেলে।
এই ইমাম পরিবারের রয়েছে এক অনন্য ইতিহাস। মাওলানা শামসুল হক মিয়াজির দাদা মরহুম মাওলানা হামিদ উল্যাহ মিয়াজি একই মসজিদে একটানা ৬০ বছর এবং তার পিতা মরহুম এবাদত উল্যাহ মিয়াজি ৮০ বছর ইমামতি করেছিলেন। বংশানুক্রমিকভাবে শামসুল হক নিজেও দীর্ঘ ৫০ বছর ধরে এই মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার দীর্ঘদিনের ত্যাগ ও সেবাকে সম্মান জানাতে এই রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মসজিদের উপদেষ্টা রেজ্জাকুল হায়দার চৌধুরী, নুরুল আমিন চৌধুরী আমান, সরওয়ার উদ্দিন চৌধুরী, সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল আহসান চৌধুরী, জাফর উদ্দিন চৌধুরীসহ, বিভিন্ন মসজিদের ইমাম ও এলাকাবাসীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইমাম শামসুল হক মিয়াজিকে নগদ ৩ লাখ টাকা, ক্রেস্ট ও আমৃত্যু পেনশন দেওয়ার ঘোষণা দেন মসজিদ কমিটির সদস্যরা।