ব্রাহ্মণপাড়ায় দুই অটোরিকশাসহ ২৬ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক দুটি অভিযানে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। একটি অভিযানে জড়িত ব্যক্তি পালিয়ে গেলেও অপর অভিযানে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চান্দলা ও সদর ইউনিয়নে এসব অভিযান চালানো হয়।

Post Inside

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজ গেটের সামনে ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি অটোরিকশা ফেলে পালিয়ে যান। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন দুপুরে উপজেলার সদর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় অটোরিকশার গতিরোধ করে পুলিশ। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় মো. এনামুল হক ওরফে শানু ( ৪২ ) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!