
স্টাফ রিপোর্টার।।
বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কুমিল্লার দাউদকান্দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বরগোয়ালী, চরগোয়ালী ও নোয়াদ্দা আঞ্চলিক সড়কের দুই পাশে তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেন। তালবীজ রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও দুর্যোগ মোকাবিলায় সামাজিক দায়িত্ববোধ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
তালবীজ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান তালুকদার,চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দেবনাথ, সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়াসহ শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা।
আয়োজকরা জানান, গত মাসে এ কর্মসূচির সূচনা করা হয়েছে। মাসব্যাপী কুমিল্লার বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কের পাশে পর্যায়ক্রমে প্রায় ৫ হাজার তালবীজ রোপণ করা হবে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, ২০১১ সাল থেকেই আমরা বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ করে আসছি। গত ১৫ বছরে সারাদেশে অন্তত ৭০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। এবারও বিভিন্ন এলাকায় পাঁচ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার যদি দেশের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের তালবীজ রোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করে, তাহলে অল্প সময়ের মধ্যেই সারাদেশে ব্যাপকভাবে তালবীজ রোপণ করা সম্ভব। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে বজ্রপাতের ঝুঁকি কমাতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।