
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাসে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নুরুল ইসলাম শান্তি (৬৫) ইউসুফপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মমিতুল ইসলাম রাজন (২৮) তার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে টাকা চাওয়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম শান্তির সঙ্গে তার ছোট ছেলে মমিতুল ইসলাম রাজনের বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নুরুল ইসলাম শান্তি অজ্ঞান হয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা রাজনকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে তিতাস থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলাম শান্তির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আটক রাজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
মৃত নুরুল ইসলামের বড় ছেলে মহিমুল ইসলাম মোহন বলেন, ‘আমি হোমনা উপজেলার ঘাড়মোড়ায় বিকাশের দোকানে চাকরি করি। ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি বাবা মারা গেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া বলেন, রাজনের মা ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে আট লাখ টাকা পেয়েছেন। শনিবার তিনি তার ভাইদের কাছ থেকে বিক্রি করা সম্পত্তির টাকা থেকে ৩ লাখ ৮৮ হাজার টাকা নিয়ে আসেন। এ টাকা নিয়ে রাজনের মায়ের সঙ্গে তার মামাদের ঝগড়া হয়েছে বলে শুনেছি।
তিনি বলেন, রাজন শুক্রবার রাতে তার মামার বাড়ি সাহাবৃদ্ধিতে ছিল। শনিবার সকালে ইউসুফপুরে এসে বাবা-মায়ের কাছে টাকা চায়। মূলত টাকা চাওয়াকে কেন্দ্র করেই বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। রাজন আগে গৌরীপুর বাজারের একটি ফার্মেসিতে চাকরি করলেও বর্তমানে বেকার।
তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ওসি বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।