কুমিল্লায় মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে উধাও দুই কিশোরী, ৪ দিনেও মেলেনি সন্ধান

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর চার দিন ধরে নিখোঁজ রয়েছে দুই কিশোরী। মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামের ওই দুই কিশোরীর কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাদের পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রামের কাশিনগর আল-আমিন মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় জুগিরকান্দি গ্রামের বাসিন্দা মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার। এরপর থেকে তারা আর বাড়িতে ফেরেনি।

Post Inside

সারাদিন পেরিয়ে রাত হলেও দুই কিশোরী বাড়িতে না ফেরায় স্বজনরা প্রথমে আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান না পাওয়ায় বিষয়টি থানায় জানানো হয়।

এদিকে চার দিন পেরিয়ে গেলেও দুই কিশোরীর কোনো খোঁজ না মেলায় পরিবারের উৎকণ্ঠা আরও বেড়েছে। তারা কোথায় আছে, কী অবস্থায় আছে—এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্বজনরা।

মাহিমা আক্তার মাহির নিখোঁজের ঘটনায় তার মা তাছলিমা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করছে পুলিশ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ দুই কিশোরীর সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!