ব্রাহ্মণপাড়ায় ভারতীয় সীমান্তবর্তী বাগানে মিলল ৩৬ কেজি গাঁজা

আতাউর রহমান।।
নির্জন বাগানটিতে মাদক মজুতের খবর পেয়েছিল পুলিশ। রাত গভীর হতেই সেখানে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাগানের ভেতরে একটি জায়গায় সন্দেহ হয় পুলিশের। পরে সেখানে পাওয়া যায় বিপুল পরিমাণ গাঁজা। বস্তা খুলে একে একে বের করা হয় ৩৬ কেজি গাঁজা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এর আগেই সেখান থেকে সরে যায় মাদক কারবারিরা।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি বাঁশতলীর পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

Post Inside

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দক্ষিণ তেঁতাভূমি বাঁশতলীর পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় জনৈক জামালের বসতঘরের টিনশেড ভবনের উত্তর-পশ্চিম কোণসংলগ্ন বাগানে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে বাগানের ভেতর থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, সীমান্তবর্তী ওই এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে অজ্ঞাতনামা কারবারিরা গাঁজাগুলো এনে মজুত করেছিল। তবে পুলিশের অভিযান আঁচ করতে পেরে তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এ কারণে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, উদ্ধার করা গাঁজার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গাঁজাগুলো কারা সেখানে মজুত করেছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা শনাক্তে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!