উত্তরায় ভয়াবহ দুর্ঘটনা; কুমিল্লার সারিনা-সাইবাহ বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে

নিউজ ডেস্ক।।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের দুই যমজ বোন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সিসিইউতে এখন চিকিৎসাধীন তারা।

দগ্ধ শিক্ষার্থীরা হল—চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সারিনা জাহান (১০), যার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে এবং তার যমজ বোন সাইবাহ জাহান (১০), যিনি ৮ শতাংশ দগ্ধ হয়েছেন। দুইজনই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

Post Inside

তাদের পিতা এয়াসিন মজুমদার একজন ব্যবসায়ী, যিনি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে পরিবারটি উত্তরা এলাকায় বসবাস করছেন।

সন্তানদের দগ্ধ হওয়ার খবর পেয়ে বাবা-মা প্রথমে স্কুলে যান, পরে বার্ন ইউনিটে গিয়ে তাদের খুঁজে পান। চিকিৎসকরা জানিয়েছেন, দুই শিশুর অবস্থা বর্তমানে স্থিতিশীল ও আশঙ্কামুক্ত, তবে মানসিকভাবে তারা এখনো আতঙ্কগ্রস্ত ও বারবার চিৎকার করে উঠছে।

সন্তানদের এমন করুণ অবস্থায় কান্নায় ভেঙে পড়েছেন মা আকলিমা আক্তার। তিনি বলেন, “ওরা ছোট্ট মেয়ে, কি দোষ করলো? শুধু দোয়া চাই যেন ওরা সুস্থ হয়ে আবার হেসে উঠতে পারে।”

দুর্ঘটনার সময় কী ঘটেছিল জানতে চাইলে বাবা এয়াসিন মজুমদার বলেন, “ওরা স্কুলের বারান্দায় ছিল। হঠাৎ বিকট শব্দে চারপাশ অন্ধকার হয়ে যায়। পরে উদ্ধারকারীরা ওদের হাসপাতালে নিয়ে যায়। এখনো ওরা আতঙ্কে কেঁপে কেঁপে উঠছে।”

সারিনা ও সাইবাহর সুস্থতার জন্য পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরো পড়ুন
error: Content is protected !!