
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে তিনটি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে পূর্ব জোড়কানন ইউনিয়ন-এর লালবাগ এলাকা থেকে এসব এক্সক্যাভেটর জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি এক্সক্যাভেটর জব্দ করা হলেও তাৎক্ষণিকভাবে সবগুলো সরিয়ে আনা সম্ভব হয়নি। এর মধ্যে দুটি অকেজো করা হয়েছে এবং একটি জব্দ করে উপজেলা পরিষদ মাঠে রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার জানান, জনস্বার্থে কৃষিজমির মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।