কুমিল্লায় যুবলীগের ঝটিকা মিছিল থেকে আটক ৩

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকা থেকে তাদের আটক করা হয়।

Post Inside

আটককৃতরা হলেন, বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), দৌলবাড়ি গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং দেবিদ্বার উপজেলার ছেছরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে শুক্রবার দুপুরে মুরাদনগরের লাজৈর এলাকা থেকে চট্টগ্রামমুখী লেনে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন।

মিছিলটি চান্দিনার তীরচরের দিকে এগিয়ে গেলে পুলিশ ধাওয়া করে। এ সময় তিনজনকে আটক করা হয়। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের থেকে ‘কুমিল্লা উত্তর জেলা যুবলীগ’ লেখা একটি ব্যানার ও কয়েকটি জাতীয় পতাকা পাওয়া গেছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মহাসড়কে টহল দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। তবে আটকের স্থানটি মুরাদনগর থানা এলাকায় পড়েছে। তাই আইনগত প্রক্রিয়ার জন্য মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!