
জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ২০২৬ সালের শিক্ষা সপ্তাহ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির আহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুভূতি প্রকাশ করে শ্রেষ্ঠ শিক্ষক রবিউল আলম জানান, তিনি ২০০০ সাল থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা জীবনে তাঁর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে তিনি অতিরিক্ত সময় দিয়ে পাঠদান ও মানসিক সহায়তা দিয়ে আসছেন।
তিনি আরও বলেন, “আগামী দিনগুলোতেও শিক্ষার্থীদের উন্নয়নে এবং তাদের মনোনিবেশ বাড়াতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।”