বুড়িচংয়ে মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবককে কুপিয়ে গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোঃ সজিব নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক কারবারিরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

Post Inside

ঘটনার পরদিন শুক্রবার (২৭ মার্চ) দুপুরে আহত সজিবের মা হাসু বেগম বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কোরপাই গ্রামের মাসুম মিয়ার ছেলে মোঃ সাইদুল, মাধবপুর গ্রামের মোঃ ইউসুফ, কোরপাই গ্রামের মোঃ সাদেক, কাকিয়ারচর গ্রামের সেলিম মুনশির ছেলে মোঃ কামরুল, মুবিন মিয়ার ছেলে মোঃ জাহিদুলসহ অজ্ঞাত কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিল।

এ বিষয়ে কোরপাই গ্রামের ফারুক মিয়ার ছেলে মোঃ সজিব এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী প্রতিবাদ গড়ে তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ সন্ধ্যায় অভিযুক্তরা মোঃ সজিবের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সজিবের পিঠে একাধিক আঘাত করে এবং মারধর করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!