বুড়িচংয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন আলোচনায় ড. মোবারক হোসাইন

জহিরুল হক বাবু।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোবারক হোসাইন বুড়িচং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে আলোচনা করেছেন।

Post Inside

কর্মসূচির অংশ হিসেবে তিনি মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভায় অংশ নেন।

আলোচনায় ড. মোবারক হোসাইন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ গঠনের মূল চালিকাশক্তি। তাদেরকে শুধু পাঠ্যপুস্তকনির্ভর না করে সৃজনশীল ও যুগোপযোগী জ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষক সমাজ হলো জাতির বিবেক। শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক একসাথে কাজ করলে একটি শিক্ষিত, সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে ফজলুল রহমান মেমোরিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু তাহের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকারিয়া খান, উপজেলা যুব বিভাগের সভাপতি সুজন চৌধুরী এবং বুড়িচং পৌরসভার সেক্রেটারি হাফেজ মাসুদ মৈশানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে ড. মোবারক হোসাইন উপস্থিত শিক্ষক ও অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন
error: Content is protected !!