মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের সুপারিশ

নিউজ ডেস্ক।।
মহাসড়কে মোটরসাইকেল, নসিমন ও করিমন বন্ধের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে সড়ক ও মহাসড়কে যানজট এবং দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

Post Inside

বৈঠকে ঢাকা শহরের যানজট নিরসনে অবৈধ রাইড শেয়ারিং বন্ধে চালকদের নির্ধারিত পোশাকের ব্যবস্থা চালুর সুপারিশ করে কমিটি। আর শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মহাসড়কের পাশে অবস্থিত স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং এবং সিগন্যালের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

বিশেষ কিছু কোম্পানি বা ঠিকাদারি প্রতিষ্ঠানের বারবার কাজ পাওয়া বন্ধের সুপারিশও করে সংসদীয় কমিটি।

এছাড়া বৈঠকে প্লেনে চলাচল করা যাত্রীদের যাতায়াতে হয়রানি রোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক যানজটমুক্ত অথবা ডাইভারশন রাস্তার ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সদস্য এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, সৈয়দ আবু হোসেন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুজন সচিব, বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের দুই প্রকল্প পরিচালক, ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!