কুমিল্লায় ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে নারীর মৃত্যু

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা (নোয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম ওই গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Post Inside

মরিচা গ্রামের স্থানীয় বাসিন্দা মো. মোশারফ হোসেন জানান, বিকালে আলেয়া বেগম নিজ জমিতে ধান কাটার পর ক্ষেতেই ধান মাড়াই করছিলেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি।

নিহতের স্বামী নজরুল ইসলাম বলেন, “জমি থেকে ধান কেটে সবাই মাড়াইয়ের কাজ করছিলাম। হঠাৎ আকাশ কালো হয়ে আসে, ঝড় শুরু হয়, এরপর বজ্রপাতে আমার স্ত্রীর মৃত্যু হয়।”

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “বজ্রপাতে একজন নারী মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, “বজ্রপাতে নিহত নারীর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আমরা ইতোমধ্যে পরিবারের খোঁজ নিচ্ছি।”

আরো পড়ুন
error: Content is protected !!