বাংলা প্রেসক্লাব ভেনিসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও আলোচনা সভা

সরকার মোখলেছুর রহমান।।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা, সংযম ও ভ্রাতৃত্বের বার্তা ধারণ করে এবং প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে ইতালির ভেনিসে এক ব্যতিক্রমধর্মী ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলা প্রেসক্লাব ভেনিস। সভায় সংগঠনের সভাপতি মাকসুদ রহমান সভাপতিত্ব করেন।

শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দল-মত নির্বিশেষে অংশগ্রহণ করেন। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Post Inside

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাস জীবনে ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। রমজানের শিক্ষা—আত্মসংযম, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ—এই মূল্যবোধ ধারণ করে প্রবাসী সমাজকে এগিয়ে নিতে হবে। একইসঙ্গে বাংলা প্রেসক্লাব ভেনিসের গত দুই বছরের কার্যক্রমের প্রশংসা করে বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনটি ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

মতবিনিময় পর্বে উপস্থিত অতিথিরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও প্রবাসী সমাজের কল্যাণে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষায় বাংলা প্রেসক্লাব ভেনিস অগ্রণী ভূমিকা পালন করবে।

আরো পড়ুন
error: Content is protected !!