বুড়িচংয়ে যানজট নিরসনের দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)–এর একটি মিক্সার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়া শাহআলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান নিশ্চিত করেছেন।

Post Inside

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বুড়িচং মধ্যবাজার এলাকায় যানজট নিরসনের দায়িত্ব পালনকালে সওজের একটি মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতের চাচাতো ভাই হেলাল জানান, চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৬টার দিকে শাহআলম ভূঁইয়া মারা যান।

নিহত শাহআলম ভূঁইয়া বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলী ভূঁইয়ার ছেলে।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, বুড়িচং সদর বাজারের যানজট নিয়ন্ত্রণে প্রথম রমজান থেকেই চারজন আনসার সদস্য কাজ করছিলেন। শনিবার বিকেলে তাদের একজন দুর্ঘটনার শিকার হন। পরে রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছিল।

তিনি আরও বলেন, ওই আনসার সদস্যের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নিহতের পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে এবং পরিবারটির আর্থিক সহায়তায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, শনিবার বিকেলে সওজের একটি মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য শাহআলম ভূঁইয়া গুরুতর আহত হন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
error: Content is protected !!