বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Post Inside

ভোর ৫টা ৫২ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬-এর সূচনা করা হয়।

সূর্যোদয়ের পরপরই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বুড়িচং উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সকাল ৮টা ৩০ মিনিটে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউটস ও গার্লস গাইডের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় সকল মসজিদ ও মন্দিরে বিশেষ মুনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফুটবল ম্যাচ ও কাবাডি খেলার আয়োজন করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!