বুড়িচংয়ে অবৈধ মজুদকৃত ১৭শ লিটার তেল জব্দ; ২ হাজার টাকা জরিমানা

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার–পরিহলপাড়া মহাসড়কের পাশে অবস্থিত পারভেজ মবিল হাউজে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

Post Inside

অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ডিজেল ও অকটেন মজুদ করে খুচরা বিক্রি করা হচ্ছিল। মজুদ গণনা করে ১ হাজার ৬৮০ লিটার ডিজেল এবং ৯০ লিটার অকটেন পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট জব্দ করে।

পরে জব্দকৃত জ্বালানি তেল প্রকাশ্য নিলামের মাধ্যমে একটি বৈধ জ্বালানি পাম্পের নিকট বিক্রি করা হয়। জব্দ ও নিলামকৃত জ্বালানির মোট মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৬৪ হাজার ৬৪০ টাকা।

এ অপরাধে পারভেজ মবিল হাউজের মালিককে মোবাইল কোর্টে হাজির করা হলে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, জ্বালানি তেল মজুদ ও বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে তিনি জানান।

আরো পড়ুন
error: Content is protected !!