জহিরুল হক বাবু।।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইনের নির্বাচনী প্রচারণায় কুমিল্লা জেলার বিশিষ্ট আইনজীবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ প্রচারণাকালে আইন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আইনজীবীরা ড. মোবারক হোসাইনের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রমে অংশ নেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও অতিরিক্ত জি.পি., সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এরশাদুর রহমান।
এ ছাড়া জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট মু. বিল্লাল হোসেন, অ্যাডভোকেট মু. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল হান্নান এবং অ্যাডভোকেট মো. গোলাম মারুফসহ আরও অনেকে অংশ নেন।
এ সময় কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মু. আবদুল আউয়ালও প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সৎ, যোগ্য ও শিক্ষিত নেতৃত্বের কোনো বিকল্প নেই। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ড. মোবারক হোসাইন একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী হিসেবে এই আসনের সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হবেন।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণাটি প্রাণবন্ত হয়ে ওঠে। নির্বাচনী মাঠে আইনজীবীদের সক্রিয় উপস্থিতি নতুন উদ্দীপনা ও গতি সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।