
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর ঐতিহাসিক ধর্মসাগর পাড়ে বেড়াতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। চাঞ্চল্যকর এ ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মূল ঘাতকসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা তার স্বামী চাঁদপুর জেলা পুলিশের কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো. জোবায়েরকে নিয়ে ধর্মসাগর পাড়ে ঘুরতে যান। এ সময় তিন যুবক জাকিয়াকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করলে কনস্টেবল জোবায়ের প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।

দিনদুপুরে জনসম্মুখে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নজরে আসামাত্র জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। তার দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।
টানা ১২ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. রিফাত (১৯), সাং কালিয়াজুড়ী এবং সিয়াম (২০), সাং ভুবনঘর; উভয়েই কোতোয়ালী মডেল থানার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ বলছে, কুমিল্লায় কিশোর গ্যাং বা বখাটেদের কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না; জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।