
আতাউর রহমান।।
‘নজরুল বর্ষ’ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতায় নজরুলের গান, ছড়া, কবিতা, গল্প ও বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মুন্নী ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) আব্দুল গনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. শহিদুল ইসলাম শেখ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এছাড়াও এ সময় উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমানত খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীতের মধ্যে অসাম্প্রদায়িকতা, মানবতা, সাম্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিতি বাড়ানোর পাশাপাশি তাদের প্রতিভা বিকাশেও এ আয়োজন ভূমিকা রাখবে।