খালেদা জিয়ার উপদেষ্টাসহ বিএনপির দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান এবং নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের’ অভিযোগে আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Post Inside

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার ‘সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে’ একরামুজ্জামান ও আবু জাফরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া দুজনের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর গত ২১ নভেম্বর নতুন নিবন্ধন পাওয়া বিএনএম-এ (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) যোগ দিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান আবু জাফর।

১৯৭৯ সালে ফরিদপুর-৪ আসন নৌকা প্রতীকে সংসদ সদস্য হন আবু জাফর। পরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং ১৯৮৬ ও ১৯৮৮ সালে লাঙল প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হন। জাতীয় পার্টি থেকে ২০০৩ সালে বিএনপিতে যোগ দেন তিনি। ২০০৫ সালের উপনির্বাচনে ফরিদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট করে সংসদ সদস্য হন তিনি।

আর একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নির্বাচন করতে গত মঙ্গলবার রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নাসিরনগর উপজেলার বাসিন্দা একরামুজ্জামান অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী, নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি আর এ কে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক।

আরো পড়ুন
error: Content is protected !!