কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সদর দক্ষিণে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. ইকরামুল হক (৩৭) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

রবিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে জেলার চৌদ্দগ্রাম মডেল থানার যুক্তিখোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Post Inside

গ্রেপ্তার ইকরামুল হক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ উত্তরপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নুরুল ইসলাম এবং মায়ের নাম সাফিয়া বেগম।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসআরবি-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২), কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক অটোরিকশাচালককে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী নারীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১১।

প্রাপ্ত গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রামের যুক্তিখোলা এলাকায় অভিযান চালিয়ে ইকরামুলকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কলাবাগানে ওই নারীকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ঘটনার পর কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামের অপর এক অটোরিকশাচালক ইকরামুলকে দেখতে পান এবং তাঁর ভিডিও ধারণ করেন। এ সময় ইকরামুল নিজের দোষ স্বীকার করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর অভিযুক্ত আত্মগোপনে চলে যান বলে জানায় এসআরবি-১১।

তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!