
আতাউর রহমান।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় এসেছেন ব্যবসায়ী ও সমাজসেবক ময়নাল হোসেন। ক্ষমতার চেয়ে জনসেবাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর এ ঘোষণাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা চলছে।
ময়নাল হোসেন উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকার বাসিন্দা। তিনি আফাজ গ্রুপের চেয়ারম্যান। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন তিনি। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও সম্পৃক্ততা তৈরি হয়েছে।

এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চান ময়নাল হোসেন। তাঁর নির্বাচনী ভাবনায় রয়েছে এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ।
দুলালপুর ইউনিয়নের বাসিন্দা ফারুক আহমেদ বলেন, ‘ময়নাল হোসেন একজন সফল ব্যবসায়ী হলেও সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষকে সাহায্য করা তাঁর অভ্যাস। আমরা চাই, তিনি চেয়ারম্যান হলে আমাদের ইউনিয়নের উন্নয়ন আরও দ্রুত হবে।’
একই ইউনিয়নের গৃহিণী আনোয়ারা বেগম বলেন, ‘তিনি এলাকার স্কুল-মাদ্রাসা ও মসজিদে নিয়মিত সহযোগিতা করেন। বিপদে-আপদে তাঁকে পাশে পাওয়া যায়। তাই আমরা তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।’
স্থানীয় তরুণ সমাজকর্মী নাজমুল হাসান বলেন, ‘আমাদের ইউনিয়নে কর্মসংস্থানের বড় অভাব। ময়নাল ভাই নির্বাচিত হলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে—এমনটাই আমরা আশা করছি।’
চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতির বিষয়ে ময়নাল হোসেন বলেন, ‘আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। দুলালপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে তাঁদের সেবক হিসেবে কাজ করতে চাই। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলব।’