কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

জহিরুল হক বাবু।।
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জেলার সীমান্তবর্তী রাজেশপুর ফরেস্ট বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধের পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীনস্থ মথুরাপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযান চলাকালে সীমান্তের প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেশপুর ফরেস্ট বাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার চালান ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপদ রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানানো হয়।

আরো পড়ুন
error: Content is protected !!